বুধবার, ৪ মার্চ, ২০১৫

অনন্ত সঙ্গীত

জ্বলন্ত অন্ধকারের বুকে পিঠে বয়সের ভারের মত
নুয়ে আছে ঘুমহারা সময়ের কলকব্জা
নড়ে চড়ে গেড়ে বসে হৃদয়ের মস্ত উঠোনজুড়ে
প্রায় মরে যাওয়া আলোর শেষ রেখাকে করে পরাহত।

নাওয়া,খাওয়া,ঘুম নিত্যনৈমিত্তিক যত আচার বিচার
সবকিছু অনন্ত সময়ের কেবলি অর্থহীন ব্যবহার
পৌষের শেষে ন্যাড়া হয়ে যাওয়া গাছগুলোর নিঃশব্দ আর্তনাদ
গ্রীষ্মে,বর্ষায় চকচকে সবুজের আশ্বাস নেই - কেমন এক হাহাকার।

বিশ্রামের ক্লান্তিভরা বিকেলবেলায় অলস এক চায়ের পেয়ালায়
রিনিঝিনি ঝংকার বাজে একাকী বিমর্ষ
উত্তুরে হাওয়া দেওয়া রাতে সেই সব জমে থাকা অনুভূতির বাষ্প
না বলা কথাগুলোর স্তুপের সাথে মিলে মিশে যায়।

কবে হবে সেই অযান্ত্রিক জীবনের মধুরিমাময় সঙ্গীত
ফিকে হয়ে আসা সৈকতের ম্লান ঢেউয়ের মত
গতিময় তরঙ্গের ভাঙনে ভাঙনে যে সুর লেখা আছে
জড়োসড়ো হয়ে যাবে সব,হবে সেই ঐশ্বর্যবান সুরের প্রতি অবনত।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন