মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

ঘাসফড়িংয়ের ডানা

বাড়ীর সামনে উঠান পেছনে নদী, অবাক কচুরিপানার পাশে ফুটে থাকা শাপলা ফুল
কত বছর আগে ফেলে আসা আমার গ্রামের স্কুল
ছোট্ট পেয়ারা গাছটার পাশে কুটোর পালা, কোল ঘেঁষে মেঠোপথ ধুলো মাটি আর ঘাস
শৈশবের খয়েরি বিকেলে মরে আসা রোদের দীর্ঘশ্বাস
তালাবদ্ধ আলমারির দুর্বোধ্য বই, ঘর গেরস্থালি দিদিমার আঁচলে থাকা চাবির গোছা
বুকের গভীরে জমে থাকা স্মৃতির ধুলো হবে না কখনো মোছা
ঘুমের ভেতরেও একটু জেগে থাকা যাত্রাপালার ঘ্রাণ, আমবাগানে নিষিদ্ধ কিছু একটা শেখা
একমাথা কালোচুলে ঢাকা সেই মুখটা শেষবার দেখা
মাতাল অন্ধকার উথাল বাতাসে বাংলার শেষ নবাব, হঠাৎ বর্ষায় পুকুরপাড়ে কইমাছের নাচ
মহোৎসবের খিচুড়ীর লতানো শক্ত ঝাঁঝ
একা একা কল্পনার পিছু পিছু ধু-ধু করা বিল, লাল নীল ডানামেলা পদ্মা ফড়িং
এত এত মানুষের কাছে জন্ম জন্মান্তরের ঋণ 
অনেক অনেক বসন্ত পেরিয়ে গেছে, ডানা মেলে এখন আর ছুটি না
শেষ একবার কি উড়ে যাব, ধরব ঘাসফড়িংয়ের ডানা?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন