শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

সময়

জলের মত বয়ে গেছে সময়
স্বচ্ছ কাচের নীল বয়ামে রেখে গেছে ছাপ
যত চিহ্ন, দাগ, রক্তের ছোপ সব একই 
একই বিস্মরণের পথ ধরে
সাজিয়ে গুছিয়ে রয়ে গেছে থরে থরে।

ধোঁয়ার মত উড়ে গেছে দিন
রাখেনি খোলা হাওয়ার ধূলায় ধুসর
পান্ডুলিপি- নোনা ধরা সবুজ দেয়ালের ওপারে
আসেনি রাঙা রাজকন্যা 
পৃথিবীর পুরনো পথের রেখা ধরে।

আগুনের তাপে পুড়ে গেছে সব রাত
যেখানে পোড়া কয়লার স্তুপের নীচে
চাপা পড়ে গেছে বিপ্লবের লাখো কোটি হাত
যায়নি কোথাও তারা
ক্লান্তি নিবিড় মৃত নক্ষত্রে রয়েছে পড়ে।