সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

জীবনের ঘ্যাঁচকা কল

আমরা শুধু যাই, আবার শুধু আসি
পথের মধ্যে ঘুরপ্যাচালে হয়তো একটু বসি
আমাদের নাই সময়, আমাদের ভীষণ তাড়া
এই জীবনের ঘ্যাচকা কলে আমরা তবু খাড়া।

বন বাদাড়ে যাইনা মোটেই, আমাদের খুব ভয়
মাছের মত সাঁতরে যেতে ইচ্ছে ভীষণ হয়
পাখির মত থাকতো যদি এক জোড়া ডানা
চলে যেতাম বহুদূরে পেরিয়ে সব মানা।

যাচ্ছি কোথায়, কোথায় যাবো, এলাম কোথা থেকে
প্রশ্নগুলো মাথার ভিতর বসত বেশ জেকে
এই শরীরের নাট বল্টু হচ্ছে কেন ঢিলে
তবে কি আসলাম শুধুই যাবো বলে?

খাই দাই ঘুরি ফিরি চলছে জীবন বেশ
উপায় তো নেই জানার কোন কখন হবে শেষ
মারামারি ঝগড়া ঝাঁটি আমরা তারপরেও করি
কোনকিছুই না জেনে নিজেদের কি এক হনু মনে করি।

এই জগতের কোন কিছুই আমাদের তো নয়
ভুল করেই এলাম কিনা মাঝে মাঝে মনে হয়
কি আছে এর পরে নাকি এইখানেই শেষ
এসব ভাবনা বাদ দিলে কিন্তু জীবনটা বেশ।




আত্মহননের কাব্য

যাওয়ার ভেতরেও একধরনের ফিরে আসা আছে
আছে অক্ষয় অন্ধকার রক্তিম আলোর শিখায়
আমাদের যত প্রেম, গান, রোদ ভালোবাসা
সব ঢেকে আছে নিষ্ঠুর পাশবিকতার ক্রুর ছায়ায়

উচ্চবিত্ত বিলাসবহুল নাগরিক যন্ত্রণার মাঝে
কোথাও একটা খেটে খাওয়া গ্রামের নারির সুর বাজে
নিঃসঙ্গ একলা কোথাও মাতাল হওয়ার স্বাদে
শত বছরের সংক্রামক নিঃসঙ্গতা নির্ভার হয়ে কাদে।

তাই আমরা এই সতত বিপরীত স্রোতের আরো বিপরীতে হেঁটে
চলে গিয়েছিলাম বহু বহু দূর - দিকচিহ্নহীন রাজপথে
আমাদের বিক্রি করে দিয়েছিল আমাদেরই ক্লান্ত ভ্রষ্ট বন্ধুরা
শত্রুর দূর্গের পরিখায় মুখ ডুবিয়ে আমরা আত্মহননের কাব্য লিখেছিলাম।