সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

পারনি, পারবেওনা

ভেবেছিলে তুমিও কোনদিন কাঁদামাটি জলে ভিজে
হয়ে যাবে একাকার
অজস্র স্বপ্নের ডানামেলা আকাশে হাত পা ছেড়েছুড়ে
জুড়ে দেবে চিৎকার
ভেবেছিলে কোনদিন কেউ খুঁজে হদিস পাবে না
তোমার টিকিটিরও 
রাত জেগে তারাজ্বলা আকাশে সোজাসুজি তাকিয়ে হঠাৎ করেই 
পেয়ে যেতে পার বিরহের প্রতিকার।

একবারও তাকিয়ে দেখনি পেছনে রয়েছে পড়ে
তোমারই হাতে গড়া, তোমারই মনে পোড়া 
অগুনতি ছাইচাপা অনুভূতির দেয়াল,
আজ তুমি যত বৃক্ষলতায় আর ঘুলঘুলিতে
আনকোরা স্বপ্নের বীজতলা বানাও গোপনে
ক্রমে ক্রমে হও যতই শখের ছবিয়াল,

পারনি তুমি, পারবেনা কেউ এমনকি স্বপ্নেও যা ভেবেছিলে
উল্টোরথে তুমি একান্ত পার্থিব যাত্রাপথে মরছ তিলে তিলে।