কখনো কখনো পরতে পরতে মিথ্যে দিয়ে সাজানো দেয়াল ধ্বসে পড়ে
চেনা অচেনা আলো আঁধারে
চেরাফাটা দীর্ঘশ্বাস একটা দুটো মাঝে মাঝে ঝরে পড়ে
ঘুরঘুট্টি অন্ধকার রাতে চুপিসারে
একবারই শুধু দেখেছিলাম তোমার কোমল শুভ্র দুটি হাত
প্রথম শেখা প্রেমের ধারাপাত
দৌড়ে এসেছিলে সিঁড়ির কিনারে হঠাৎ কি যেন মনে করে
বিধাতার নিষ্ঠুর অবিচারে
হয়তোবা দেখা হয়ে যাবে একদিন এই মহানগরীর কোণঠাসা ভিড়ে
অসমাপ্ত সময়কে ঘিরে
তোমার চোখে হয়ত অবিশ্বাস, আমার নির্ঘুম চোখের নিচে দাগ
এক ফোঁটা অভিমান এক ফোঁটা রাগ।